চোখে দেখা যায় না, আঘাত হানে নিখুঁতভাবে: ড্রোনযুদ্ধে নতুন শক্তির উত্থান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

যুদ্ধের ময়দানে শত্রুর উপস্থিতি বোঝার জন্য একসময় আকাশে যুদ্ধবিমান, মাটিতে ট্যাংক কিংবা সেনাদের চলাচল দেখতে হতো। এখন অনেক ক্ষেত্রেই হামলাকারীকে দেখা যায় না, শোনা যায় শুধু আকাশে উড়তে থাকা ড্রোনের শব্দ। মুহূর্তের মধ্যে আঘাত হানে ক্ষেপণাস্ত্র বা বোমা। হামলার পর ধ্বংসস্তূপ পড়ে থাকে, কিন্তু কে হামলা চালিয়েছে, কোন নির্দেশে চালিয়েছে তার উত্তর মেলে না।

এ ধরনের হামলাকে সোমালিয়ার স্থানীয় বাসিন্দারা বলছেন ‘ঘোস্ট স্ট্রাইক’ বা ‘প্রেতাত্মার মতো হামলা’। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, তুলনামূলক কম দামের সামরিক ড্রোনের বিস্তার কীভাবে যুদ্ধের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। একই সঙ্গে বেসামরিক মানুষের মৃত্যু, হামলার দায় এড়ানো এবং জবাবদিহির অভাবকে আরও প্রকট করে তুলছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে সোমালিয়ার একটি পরিবারের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ২১ মে গলিস পর্বতমালার কাছে একটি গুহায় হামলার শিকার হন মোহামেদ নামের এক ব্যক্তি ও তাঁর পরিবার। হামলায় তাঁর স্ত্রী, গর্ভের সন্তান এবং তিন মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় বেঁচে যান মোহামেদ। বিস্ফোরণে তাঁদের কয়েক শ ছাগলও মারা যায়।

হামলার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন কোনো ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধার উপস্থিতি পাননি বলে জানান। তাঁদের দাবি, সেখানে নারী ও শিশুরাই ছিলেন। অথচ ওই এলাকায় আইএসবিরোধী অভিযানে একাধিক দেশের ড্রোন উড়ছিল।

যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক এবং সোমালিয়ার সরকারি বাহিনী ওই অঞ্চলে ড্রোন পরিচালনা করে। ফলে কোন দেশের ড্রোন থেকে হামলাটি চালানো হয়েছিল, তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে পাওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করেন অস্ত্রবিশেষজ্ঞ ট্রেভর বল ও এনআর জেনজেন-জোনস। তাঁদের বিশ্লেষণে ধ্বংসাবশেষ তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোকেতসানের তৈরি এমএএম সিরিজের অস্ত্রের সঙ্গে মেলে। বিশেষজ্ঞদের ধারণা, হামলায় তুরস্কের তৈরি বায়রাকতার টিবি২ ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে।

তবে অস্ত্রের উৎস শনাক্ত করা গেলেও কে ড্রোনটি পরিচালনা করে হামলার নির্দেশ দিয়েছিল, তা নিশ্চিত করা যায়নি। সোমালিয়ার আকাশে তুরস্ক, ইউএই ও দেশটির সরকারি বাহিনী সব পক্ষই বায়রাকতার ড্রোন ব্যবহার করে। যুক্তরাষ্ট্রও ওই অঞ্চলে নিজস্ব ড্রোন দিয়ে বহু হামলা চালিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সরকারগুলোর কাছে মন্তব্য চেয়েও উত্তর পায়নি দ্য গার্ডিয়ান।

ড্রোনের নতুন পরাশক্তি তুরস্ক ও চীন

সামরিক ড্রোনের বাজারে দ্রুত প্রভাব বিস্তার করছে তুরস্ক ও চীন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে তুলনামূলক কম দামের সামরিক ড্রোন বাজারে আনা শুরু করে। পরবর্তী সময়ে ২০২০-এর দশকে চীনও এ বাজারে বড় সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়।

এর ফলে দীর্ঘদিন আকাশযুদ্ধের সক্ষমতা যেসব ধনী ও শক্তিশালী দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে নতুন নতুন রাষ্ট্রের প্রবেশ সহজ হয়েছে।

তুরস্কের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম (এমএএলই) শ্রেণির একটি সামরিক ড্রোন ২৪ ঘণ্টার বেশি আকাশে থাকতে পারে। এতে ইনফ্রারেড ক্যামেরা থাকে এবং প্রায় ১৩০ কেজি বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে। প্রতিটি ড্রোনের দাম ২০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে।

অন্যদিকে, অপেক্ষাকৃত সরল একমুখী বা ‘কামিকাজে’ ড্রোনের দাম মাত্র ২০০ ডলার থেকেও শুরু হতে পারে। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাহিদা এ ধরনের ড্রোন তৈরির নতুন প্রতিষ্ঠান ও উৎপাদনকারীদের বাজারে প্রবেশেও ভূমিকা রেখেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উদ্ধৃত ড্রোন ওয়ার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫৫টির বেশি দেশ বড় আকারের সশস্ত্র ‘প্রিডেটর’ ধরনের ড্রোন পরিচালনা করছে। আরও সাতটি দেশ শিগগিরই এ ধরনের ড্রোন সংগ্রহ করতে পারে। তবে ড্রোন ওয়ার্সের পরিচালক ক্রিস কোলের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, তুলনামূলক সস্তা একমুখী ড্রোনের হিসাব এ তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত নেই। গোপনে কেনাবেচা হওয়া ড্রোনের তথ্যও অনেক সময় প্রকাশ করা হয় না।

ড্রোনের দাম কমে যাওয়ায় শুধু রাষ্ট্রীয় সেনাবাহিনী নয়, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও আকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা অর্জন করছে। মিলিশিয়া, সন্ত্রাসী সংগঠন এমনকি মাদক কারবারিদের মতো অপরাধী গোষ্ঠীর হাতেও সশস্ত্র ড্রোন পৌঁছে যাচ্ছে।

আফ্রিকার হর্ন অঞ্চল সোমালিয়া, ইথিওপিয়া ও সুদান এ পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বলা হয়েছে, এই তিন দেশে অন্তত ১১টি রাষ্ট্র বা সশস্ত্র গোষ্ঠী সামরিক ড্রোন পরিচালনা করছে। ইয়েমেন, ইরান ও মিয়ানমারের মতো সংঘাতপূর্ণ এলাকাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

সুদানের গৃহযুদ্ধে চলতি বছর বেসামরিক মানুষের মৃত্যুর প্রধান কারণ হিসেবে স্থলবাহিনীর পরিবর্তে ড্রোন হামলা দ্রুত গুরুত্ব পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে গত মাসে ড্রোন হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হন। সেখানে টাইগ্রে, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার বাহিনী ড্রোন ব্যবহার করছে। কিন্তু হামলা ও প্রাণহানির দায় কোনো পক্ষই স্বীকার করেনি।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি পরিসংখ্যানে সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট প্রাণহানির সংখ্যা ২০২৪ সালে ২ হাজার ২৮১ থেকে বেড়ে ২০২৬ সালে ৯ হাজার ৭৯-এ পৌঁছানোর তথ্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে এ সংখ্যা প্রায় চার গুণ হয়েছে।

এই প্রবণতা শুধু ড্রোনের সংখ্যা বাড়ার বিষয় নয়; যুদ্ধ পরিচালনার পদ্ধতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে হামলা চালানো সম্ভব হওয়ায় কোনো দেশের সেনাদের সরাসরি সংঘাতপূর্ণ এলাকায় উপস্থিত থাকার প্রয়োজন কমছে। ফলে হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের জবাবদিহির আওতায় আনা কঠিন হয়ে পড়ছে।

আফ্রিকার হর্ন অঞ্চল ও গ্রেট লেকস অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহি হালাখে দ্য গার্ডিয়ানকে বলেন, সস্তা ড্রোন যত বেশি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষের হাতে পৌঁছাবে, হামলার দায় নির্ধারণ তত কঠিন হবে। বেসামরিক মানুষের সুরক্ষার ক্ষেত্রে এটি এখন বড় সমস্যাগুলোর একটি।

তুরস্কের সামরিক ড্রোনশিল্পের দ্রুত উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বায়কার। প্রতিষ্ঠানটির তৈরি বায়রাকতার ড্রোন ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে আসার পর বিভিন্ন দেশের নজর কাড়ে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সেলচুক বায়রাকতার তুরস্কের ড্রোনশিল্পের অন্যতম পরিচিত মুখ।

বায়কারের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি গত বছর ৭৫০ কোটি পাউন্ড ছাড়িয়েছে, যা এক দশক আগের তুলনায় ৫০০ শতাংশের বেশি।

তুরস্কের দাবি, বিশ্ব ড্রোন বাজারের ৬৫ শতাংশ তাদের নিয়ন্ত্রণে। তবে এ পরিসংখ্যানটি তুরস্কের নিজস্ব দাবি, স্বাধীনভাবে যাচাই করা তথ্য নয়।

তুরস্কের ড্রোনের ক্রেতাদের মধ্যে আফ্রিকা ও আরব অঞ্চলের বিভিন্ন দেশ রয়েছে। এসব দেশের কয়েকটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অধীনে পরিচালিত, আবার কয়েকটি গৃহযুদ্ধ বা অভ্যন্তরীণ সংঘাতে জড়িত। তুরস্কের বিক্রি করা ড্রোন ব্যবহার করে বেসামরিক মানুষ হত্যার অভিযোগও উঠেছে কয়েকটি দেশের বিরুদ্ধে।

তুরস্কের এক কূটনৈতিক প্রতিনিধি দ্য গার্ডিয়ানকে বলেন, সুদান ও সোমালিয়াসহ বিভিন্ন দেশে তুরস্কের ড্রোন রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে ব্যবহারের নিশ্চয়তা নেওয়া হয়। তবে তুরস্কের তৈরি ড্রোন আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে ব্যবহারের কোনো যাচাইকৃত তথ্য নেই বলেও দাবি করেন তিনি।

ড্রোন যুদ্ধের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা শুধু প্রাণঘাতী অস্ত্রের বিস্তার নয়, বরং হামলার দায় নির্ধারণের জটিলতা। কোনো হামলার পর ধ্বংসাবশেষ পাওয়া গেলেও তা থেকে অস্ত্রের নির্মাতা বা উৎপত্তির দেশ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। কিন্তু কে সেটি কিনেছে, কে পরিচালনা করেছে কিংবা কার নির্দেশে হামলা হয়েছে এসব তথ্য পাওয়া কঠিন।

অনেক দেশ কোথায় এবং কখন ড্রোন হামলা চালায়, তার তথ্য প্রকাশ করে না। প্রকাশিত তথ্যও অনেক সময় অসম্পূর্ণ থাকে। ফলে বেসামরিক মানুষ নিহত হলেও দায়ী পক্ষকে শনাক্ত করা কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা যায় না।

মোহামেদের পরিবারের ঘটনায়ও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অস্ত্রের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে সম্ভাব্য ড্রোন ও নির্মাতা শনাক্ত করা গেলেও হামলার নির্দেশদাতা কে, তা অজানা রয়ে গেছে। পরিবারের একমাত্র জীবিত সদস্যও এখনো হামলার দায় কার, সে বিষয়ে কোনো উত্তর পাননি।

ড্রোন প্রযুক্তি যুদ্ধকে আরও দূরনিয়ন্ত্রিত, সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলছে। কিন্তু প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক আইন, অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ এবং বেসামরিক মানুষের সুরক্ষার ব্যবস্থা এগোচ্ছে না। ফলে আকাশ থেকে নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়লেও সেই আঘাতের দায় নির্ধারণের পথ ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত