খাবারের দাম বাড়ার জন্য ট্রাম্পের ‘অবৈধ ইরান যুদ্ধ’কে দায়ী করলেন মার্কিন সিনেটর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধ ও শুল্কনীতির কারণে খাদ্যপণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তাঁর দাবি, থ্যাংকসগিভিং উৎসবের প্রস্তুতির সময় বাড়তি খরচের চাপে পড়েছেন দেশটির সাধারণ পরিবারগুলো।

থ্যাংকসগিভিং উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ভ্যান হোলেন বলেন, অনেক মার্কিন নাগরিক বাজারে পণ্যের দাম দেখে বিস্মিত হচ্ছেন। তাঁদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে।

আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর থ্যাংকসগিভিংয়ের খাবারের গড় খরচ ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে টার্কির দাম বেড়েছে ১০ শতাংশ।

ভ্যান হোলেন বলেন, ‘আমরা জানি, কেন এমন হচ্ছে। এর কারণ ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ, যা আমাদের সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। তাঁর শুল্কযুদ্ধ পরিস্থিতিকে আরও খারাপ করছে।’

সিনেটর অভিযোগ করেন, ট্রাম্প ও তাঁর ধনী মিত্ররা সাধারণ মার্কিন পরিবারের মতো অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন না। মূল্যবৃদ্ধির প্রভাব তাঁদের দৈনন্দিন জীবনে তেমনভাবে অনুভূত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রসঙ্গ টেনে ভ্যান হোলেন রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন আমাদের সবার কাজ করে দেখানোর সময়।’

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত