চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, শুক্রবার গাজায় দুটি পৃথক ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাফাহ শহরে প্রথম হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত ও দুজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বিস্তারিত কোনো তথ্য না দিয়ে জানিয়েছেন, সেনাবাহিনী তিনজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, দ্বিতীয় হামলায় গাজা সিটিতে ‘মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের’ (এমএসএফ)-এর একটি কার্যালয়ে বেসামরিক প্রহরী হিসেবে কর্মরত দুজন ব্যক্তি নিহত হয়েছেন।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা এমএসএফ-এর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং নিহত দুজন এমএসএফ-এ কাজ করতেন কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
ইসরায়েল বলছে তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে, তবে এসব হামলায় বহু বেসামরিক নাগরিকও নিহত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বৃহত্তর যুদ্ধবিরতি পরিকল্পনাটি সহিংসতা থামাতে বা হামাসকে নিরস্ত্র করতে পারেনি।
ফিলিস্তিনি ও ইসরায়েলি আলাদা হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে অন্তত ১,৬০০ ফিলিস্তিনি এবং ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনারা গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যা যুদ্ধবিরতির সময়ের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণের তুলনায় বেড়েছে; অন্যদিকে গাজার উপকূলীয় একটি সরু ভূখণ্ডের নিয়ন্ত্রণ রয়েছে হামাসের হাতে।
২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, গাজার পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং বিশেষজ্ঞ ও জাতিসংঘের একটি তদন্ত কমিটি একে গণহত্যা হিসেবে মূল্যায়ন করেছে।
ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০২৩ সালের অক্টোবরে হামাস-নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করার পর আত্মরক্ষার্থেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের একমাত্র ছেলে
আইজেনকোট জোটে যেতে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা আব্বাসের!