ইয়েমেনে ৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত: সরকারি বাহিনী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুথি যোদ্ধা ও কমান্ডার মিলিয়ে ১২১ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।

অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলন্দাজ হামলা, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

সামরিক মুখপাত্রের দাবি, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও সামরিক শক্তিবৃদ্ধির প্রচেষ্টাকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

দেশটিতে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এই অভিযান চালানো হলো। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) হুথি-সমর্থিত গণমাধ্যমের খবরে বলা হয়, তাইজ গভর্নরেটের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই শিশু।

এসজেড
আরও পড়ুন