ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধে অর্থায়ন বন্ধ করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালানোর অর্থ বরাদ্দ বন্ধে সংশোধনী যুক্ত না হলে যেকোনো সরকারি তহবিল প্যাকেজের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকওয়ার্থ বলেন, ‘এই সংঘাতের অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে এটি শেষ করতে বাধ্য করার সময় অনেক আগেই এসেছে।’
ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় এই সিনেটর আরও বলেন, ‘ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে গ্যাস ও ডিজেলের জন্য প্রতিটি মার্কিন পরিবারকে অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারের বেশি ব্যয় করতে হয়েছে।’ তিনি সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য।
যুদ্ধের সমালোচক ডাকওয়ার্থ একজন সাবেক সেনাসদস্য। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে শুরু করা এই যুদ্ধকে তিনি বারবার অসাংবিধানিক, বিপর্যয়কর এবং কংগ্রেসের অনুমোদনহীন বলে অভিহিত করেছেন।
তিনি জানিয়েছেন, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধে সংশোধনী ছাড়া কোনো সরকারি তহবিল প্যাকেজে সমর্থন দেবেন না।
নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন এবং মেরিল্যান্ডের অ্যাঞ্জেলা অ্যালসব্রুকসের সঙ্গে মিলে ডাকওয়ার্থ এই সংশোধনী উত্থাপন করেছেন। এতে যুদ্ধের কারণে সামরিক প্রস্তুতি ও মার্কিন সেনাসদস্যদের ওপর কী প্রভাব পড়েছে, সে বিষয়ে ওয়ার ডিপার্টমেন্টকে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতার কথাও রয়েছে।
গিলিব্র্যান্ড আলাদাভাবে বলেছেন, কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতা প্রয়োগ করে এই পদক্ষেপ নেওয়া জরুরি। এর মাধ্যমে ট্রাম্পের পররাষ্ট্রনীতির ‘বিশৃঙ্খলা’ বন্ধ করা সম্ভব।
ডেমোক্র্যাট দলের আরও কয়েকজন আইনপ্রণেতা যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবিতে সরব হয়েছেন। সিনেটে সংখ্যালঘু নেতা চাক শুমার বারবার এই যুদ্ধকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন একাধিকবার যুদ্ধক্ষমতা-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছেন। তাঁর বক্তব্য, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিনেটর পিটার ওয়েলচ, ট্যামি বাল্ডউইন ও ক্রিস ভ্যান হলেনও যুদ্ধ বন্ধ এবং এর জন্য নতুন করে অর্থ বরাদ্দের বিরোধিতা করেছেন।
এমনকি রিপাবলিকান দলের কয়েকজন সিনেটরও দলীয় অবস্থানের বাইরে গিয়ে যুদ্ধের লাগাম টানার পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন র্যান্ড পল, সুসান কলিন্স ও লিসা মারকোস্কি। সিনেটর জশ হাওলিও বলেছেন, ‘যুদ্ধ শেষ করার সময় এসেছে।’ যুদ্ধের ব্যয় বৃদ্ধি এবং সুস্পষ্ট কৌশলের অভাব নিয়ে নিজ নিজ এলাকার ভোটারদের উদ্বেগের প্রতিফলন হিসেবে এসব অবস্থান দেখা হচ্ছে।
গত ১৯ নভেম্বর সিনেটে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত সর্বশেষ একটি প্রস্তাব ৫১-৪৮ ভোটে নাকচ হয়। এ সময় রিপাবলিকান সিনেটরদের অধিকাংশই ট্রাম্পের অবস্থানের পক্ষে ছিলেন। তবে বিভিন্ন জনমত জরিপে যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন কম বলে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করেন।
সমালোচকদের মতে, এ যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। এতে বহু মার্কিন সেনাসদস্য নিহত ও আহত হয়েছেন, নৌবাহিনীর সামরিক সক্ষমতার ওপর চাপ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের জ্বালানি ব্যয় বেড়েছে। অথচ ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি বলে তাঁদের দাবি।
ডাকওয়ার্থ ও তাঁর সহযোগী আইনপ্রণেতাদের বক্তব্য, কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের নয় মাস পর অর্থায়ন বন্ধ করাই রিপাবলিকান প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে এবং মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনতে বাধ্য করার একমাত্র অবশিষ্ট উপায়।
এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
সোনার দাম আরও বেড়ে ২ লাখের ঘরে