ইয়েমেনের তায়েজ প্রদেশে আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি লেজার-নিয়ন্ত্রিত বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। হামলাস্থল থেকে উদ্ধার করা বোমার ধ্বংসাবশেষে মার্কিন অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়নের শনাক্তকরণ চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। গত ২৭ নভেম্বরের ওই হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর এসেছে। নিহতদের অধিকাংশই শিশু বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের আল-তুরবাহ শহরে এ হামলার ঘটনা ঘটে। দেশটির হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং আলজাজিরা জানিয়েছে, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটজনের মরদেহ উদ্ধার করেন। আরও তিনজন নিখোঁজ ছিলেন বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়।
হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহতদের মধ্যে এমন শিশুরাও রয়েছে, যারা ওই এলাকায় আইসক্রিম বিক্রি করত এবং ভবনটির একটি অংশে বসবাস করত। তবে নিহতদের মধ্যে ঠিক কতজন শিশু, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।
ইয়েমেনের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্সের বরাতে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, হামলার পর উদ্ধার করা বোমার ধ্বংসাবশেষের কারিগরি পরীক্ষা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, এসব অংশ যুক্তরাষ্ট্রে তৈরি জিবিইউ-১২ পেভওয়ে লেজার-নিয়ন্ত্রিত বোমার। এতে এমকে-৮২ ওয়ারহেড ব্যবহারের উপযোগী উপাদান রয়েছে।
তদন্ত বিভাগের তথ্যমতে, ধ্বংসাবশেষে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের জাতীয় স্টক নম্বর ১৩২৫-০১-০৪১-৫৮৯০ পাওয়া গেছে। পাশাপাশি ৮৭২১২৮-১ নম্বরের অ্যাসেম্বলি কোড শনাক্ত করা হয়েছে, যা বোমার উইং ও গাইডেন্স অ্যাসেম্বলির অংশের সঙ্গে মিলে যায়। সংস্থাটি বলছে, ধ্বংসাবশেষে থাকা প্রস্তুতকারকের চিহ্ন রেথিয়নের সঙ্গে সম্পর্কিত। বোমার গায়ে পাওয়া উৎপাদনের তারিখ অনুযায়ী, এটি ২০২৪ সালের নভেম্বরে তৈরি হয়ে থাকতে পারে।
তবে এসব কারিগরি তথ্য ও ধ্বংসাবশেষের সঙ্গে ২৭ নভেম্বরের তায়েজ হামলার সরাসরি সম্পর্ক স্বাধীনভাবে যাচাই করেছে—এমন কোনো আন্তর্জাতিক তদন্তের তথ্য পাওয়া যায়নি। ফলে বোমার ধরন ও প্রস্তুতকারক সম্পর্কে ইয়েমেনের তদন্ত বিভাগের বক্তব্যকে তাদের দাবি হিসেবেই দেখা হচ্ছে।
হামলার ঘটনায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলজাজিরা জানিয়েছে, হামলার দায় সৌদি বাহিনীর ওপর চাপানো হলেও তারা নিজেরা ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এপিও হতাহতের সংখ্যা, হামলার দায় এবং আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত উদ্ধার অভিযানের ভিডিও স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
ইয়েমেন সরকারের মুখপাত্র ওমর আল-বুখাইতি হামলার নিন্দা জানিয়ে বলেন, নিহত শিশুদের অনেকেই রাস্তায় আইসক্রিম বিক্রি করছিল। বেসামরিক মানুষ ও শিশুদের লক্ষ্যবস্তু করাকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন। তবে হামলার বিষয়ে তাঁর বক্তব্যও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত বাড়ায় মানবিক পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতি থাকলেও চলতি বছরের জুলাই থেকে হুথি ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ আবার বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ইয়েমেনে সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় ১৩ হাজার ৩৪৩ জন নিহত বা আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট অভিযান শুরু করে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে দেশটির অবকাঠামো, অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আলজাজিরা
শেষ স্থানীয় যোদ্ধাও নিহত, কাশ্মীরে কি বিদ্রোহের অবসান?
হুতিদের হামলার শঙ্কা, সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান
মিনাবের স্কুলে হামলা আন্তর্জাতিক আইনের একাধিক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র