গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নতুন করে করার পরিবর্তে বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায় বাংলাদেশ। আলোচনার টেবিলে বসার জন্য ঢাকা প্রস্তুত রয়েছে এবং যথাসময়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অমীমাংসিত সব সমস্যার সমাধান হবে। তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী। বাংলাদেশ ও ভারতের জন্য গঙ্গা চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, তা ভারত ভালোভাবেই জানে।

আমরা আশা করব, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আমাদের চিঠির জবাব দেবে। পাশাপাশি প্রয়োজনীয় আলোচনার জন্য দুই দেশ আলোচনার টেবিলে বসতে পারবে। বিদ্যমান চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তি করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনায় বসার আগে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। দুই পক্ষের আলোচনার মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান চুক্তিটিই আবার নবায়ন হোক। নতুন চুক্তির বিষয়টি এখন সামনে আসছে না। তিনি আরো বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। এখন ভারতের পক্ষ থেকে আলোচনায় বসার বিষয়ে সাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর বাতিল হয়েছে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশকে একই বিষয় জানানো হয়েছে। 

 

জেএম
আরও পড়ুন