নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার এই দাবি করেন।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ১৫/২০জন নেতাকর্মী রয়েছেন। বাকীরা সাধারণ জনগণ, প্রবাসী ও এলাকাবাসী।
নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। ওই বৈঠকে ঘেরাও করে ৪০ জনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, আটক ৪০ জনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

