খবর সংযোগ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। তাঁর এই সাক্ষাৎকার শুক্রবার রাতে প্রকাশিত হয়।
শনিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গাজায় বোমা হামলার কোনও যুক্তি নেই এবং সেখানে যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে বলে জানিয়েছেন ম্যাঁক্রো।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের নিন্দা করছে ফ্রান্স। কিন্তু গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতাদেরও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর কথা বলেন ম্যাক্রো।
গত ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলা থেকে বাদ যাচ্ছে না কোনো অবকাঠামো। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় বোমা ফেলছে ইসরায়েল।
ইসরায়েলের বর্বর হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে সাড়ে চার হাজারের বেশি শিশু এবং নারীর সংখ্যা তিন হাজারের বেশি। এছাড়া ৬৭৮ জন বৃদ্ধ নিহত এবং ২৭ হাজার ৪৯০ জন আহত হয়েছেন। দেড় হাজার শিশুসহ ২ হাজার ৭০০ জন লোক এখনও বিধ্বস্ত বহু ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

