চট্টগ্রাম প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামে দুইটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি লোকাল বাস এবং পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে তা নিশ্চিত নয় পুলিশ, এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দুটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছে, তা জানি না। রাত ১১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ওয়াসার মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

