আগুন লাগার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি গেট খুলে দেওয়া হয়েছে। তবে একটি গেট দিয়ে প্রবেশে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বাভাবিক সময়ে ১, ২, ৩ ও ৫ নম্বর গেইট খোলা থাকলেও এখন কেবল ৫ নম্বর গেইট খোলা রয়েছে। সেখান পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা গেলেও ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে।
এর আগে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়, পরে তা সাত ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন দুই থেকে তিনজন।
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
