চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে রাঙ্গুনিয়ার প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাষ্টার মাইন্ড আইয়ুবকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার জনৈক আব্দুল মোনাফের ছেলে।
রোববার (২১ জুন ) ভোররাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার জনৈক শাহআলমের বাড়িতে অভিযান পরিচালনা করে মো. আইয়ুবকে (৪৫) গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। গ্রেপ্তারের বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছে র্যাব-৭ কর্তৃপক্ষ।
অপরদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-পিপিএম জানিয়েছেন, একজন আসামীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে গেছে র্যাব।
জানাগেছে, চলতি মাসের ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকান্ডের পর পুরো রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারনের বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয়।
তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র্যাব জানতে পারে যে, হত্যাকান্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছে। তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে আইয়ুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরো জানাগেছে, মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। রাউজান থানার মামলা নং- ১৪।
নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
শৈলকুপায় বাসের চাপায় ট্রাকচালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন মাস্টারের উপর হামলা, আটক ১