সুদান থেকে জেদ্দার পথে আরও ৫৫৫ বাংলাদেশি

আপডেট : ১০ মে ২০২৩, ০৫:২০ পিএম

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদানে অবস্থানরত আরও ৫৫৫ বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় নেয়া হচ্ছে। তাদের শুক্রবারের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।

বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বুধবার তিনটি ফ্লাইট এবং আগামীকাল আরেকটি ফ্লাইটে তাদের জেদ্দায় নেয়া হবে। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি চার্টার্ড ফ্লাইটে তাদের শুক্রবারের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, সৌদি ও অন্যান্য সরকার বাংলাদেশিদের ফেরাতে এ বিষয়ে সহায়তা করছে। কিন্তু যে গতিতে তাদের নিয়ে আসব ভেবেছিলাম সেটি হয়নি, দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে ৫৫৫ বাংলাদেশিকে নিয়ে আসব।

আজ (বুধবার) তিনটি ফ্লাইট অপারেট করবে। আগামীকাল আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। এ কথা জানিয়ে মো. শাহরিয়ার আলম বলেন, জেদ্দা থেকে ঢাকা আনতে আমাদের বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যার একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি।

সুদানে সব বাংলাদেশি নিরাপদে আছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা খার্তুমের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। প্রয়োজনীয় রান্নার ব্যবস্থা করা হচ্ছে। থাকার কষ্ট হচ্ছে। তবে নরমালি কেউ অভিযোগ করেনি।

আরও পড়ুন
সর্বশেষপঠিত