সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার প্রবাসী মফিজুর রহমান (৬৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুর পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মক্কায় বসবাস করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন মফিজুর। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি মক্কায় কর্মরত ছিলেন।

নিহতের ছেলে তারেকুর রহমান তারেক বলেন, ‘বাবা প্রতিদিনের মতো তারাবির নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বাবার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছি।’

প্রবাসে মফিজুর রহমানের এই আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দেশে তার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

HN
আরও পড়ুন