প্রবাসীদের জন্য কাতারের জরুরী নির্দেশনা

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:০১ এএম

কাতারে বসবাসরত প্রবাসী ও দেশটিতে আসা দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি (আকামা) এবং ভ্রমণ সংক্রান্ত আইনি নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক সেমিনারে নতুন এই নির্দেশনাগুলো প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীদের রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর দেশটিতে অবস্থানের বৈধ সময়সীমা (গ্রেস পিরিয়ড) আগের ৩০ দিন থেকে কমিয়ে মাত্র ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে। 

বিমানবন্দর পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আকামা বাতিলের পর এই নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে কাতার ত্যাগ না করলে প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে।

একই সাথে কাতারে আসা পর্যটকদের জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান বা ওভারস্টে করলে প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল হারে বড় অঙ্কের জরিমানা কার্যকর হবে। এ কারণে দর্শকদের পাসপোর্টে থাকা ভিসার মেয়াদ সতর্কতার সাথে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

ভ্রমণকালীন জটিলতা এড়াতে কাতার ছাড়ার আগেই প্রবাসীদের ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বর্তমান আইনি স্ট্যাটাস ও ট্রাফিক ফাইনসহ সব সরকারি পাওনা পরীক্ষা এবং পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তর করা সম্ভব।

এছাড়া বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনালে থাকা ৭৬টি ই-গেট বা ইলেকট্রনিক গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাতারে জন্ম নেওয়া নবজাতকদের ক্ষেত্রে প্রবাসীদের দ্রুত পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে বাবার স্পন্সরশিপের অধীনে রেসিডেন্সি পারমিট নিশ্চিত করার আইনি প্রক্রিয়া অনুসরণের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

SN
আরও পড়ুন