কাতারে দুর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ এএম

কাতারে কর্মস্থলে কাজ করার সময় বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মতিন মিয়ার দ্বিতীয় ছেলে। প্রায় পাঁচ-ছয় বছর ধরে তিনি কাতার প্রবাসী ছিলেন এবং দোহায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, অতিরিক্ত গরমের কারণে রাতে কাজে বের হন আজম। শনিবার রাত ৮টার দিকে স্ত্রীর সঙ্গে শেষবার ইমোতে কথা হয় তাঁর। কাজে যাওয়ার কথা জানিয়ে পরবর্তীতে কল দেবেন বললেও সেই কল আর আসেনি।

পরদিন রোববার সকালে স্বজনরা জানতে পারেন, বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত রশি ছিঁড়ে নিচে পড়ে যান আজম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর দুই শ্রমিক গুরুতর আহত হন।

নিহতের বড় ভাই মাতাব মিয়া জানান, চার ভাইয়ের মধ্যে আজমের আয়েই চলত তাঁর নিজস্ব পরিবার। প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে কাতারে ফিরেছিলেন তিনি। বর্তমানে তাঁর মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. রুশন মিয়া। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পরিবার।

এইচএন
আরও পড়ুন