অস্ট্রেলিয়ায় ডেঙ্গু টিকা অনুমোদন, স্বস্তিতে বাংলাদেশিরা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ এএম

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ডেঙ্গুর টিকা 'কিউডেঙ্গা' অনুমোদন, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু মোকাবেলায় অস্ট্রেলিয়া প্রথমবারের মতো 'কিউডেঙ্গা' (Qdenga) টিকার অনুমোদন দিয়েছে। ৪ বছর বা তার বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্করা চিকিৎসকের পরামর্শে এই টিকা গ্রহণ করতে পারবেন।

অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) ২০২৬ সালের ৮ এপ্রিল টিকাটির নিবন্ধন প্রদান করে। এরপর ২৪ সেপ্টেম্বর দেশের টিকাদানবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি (ATAGI) কিউডেঙ্গার ক্লিনিক্যাল ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করেছে।

বিশেষ করে ছুটি কাটাতে বাংলাদেশে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সংবাদে স্বস্তি দেখা গেছে। ভ্রমণের সময় শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত অভিভাবকরা এখন বাড়তি সুরক্ষার সুযোগ পাবেন।

কিউডেঙ্গা টিকাটি ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই শরীরে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে এই টিকা প্রদান করা হয়।

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, টিকাটি ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার উল্লেখযোগ্যভাবে কমায়। TGA-এর গবেষণায় শিশুদের ক্ষেত্রে দ্বিতীয় ডোজের পর সংক্রমণের হার কমার স্পষ্ট প্রমাণ মিলেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো ডেঙ্গুপ্রবণ অঞ্চলে ভ্রমণের আগে প্রবাসীরা এই টিকা নিতে পারেন। তবে টিকা নেওয়ার পাশাপাশি মশার রিপেলেন্ট ব্যবহার ও অন্যান্য সতর্কতা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: পার্সটুডে

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত