বান্দরবান সদর উপজেলার ওয়াইব্রোংপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি পিকআপভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৩০ আগস্ট) বান্দরবান সেক্টর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সেক্টর কমান্ডারের নির্দেশনায় গত ২৭ আগস্ট বিকেলে ওয়াইব্রোংপাড়া এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় সেক্টর সদর দপ্তরের একটি টহল দল। অভিযানের একপর্যায়ে নির্জন এলাকায় মালিকবিহীন অবস্থায় সেগুন কাঠের বড় একটি চালান দেখতে পায় বিজিবি সদস্যরা।
উদ্ধার করা কাঠের পরিমাণ ১ হাজার ৩৫২ দশমিক ৯২ ঘনফুট। এর আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫১ হাজার ৭২০ টাকা।
বিজিবি জানায়, অভিযানের বিষয়টি বুঝতে পেরে কাঠ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা কাঠ, পিকআপভ্যান ও মোবাইল ফোন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. আমিনুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ চক্রের অপতৎপরতা বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।