‘আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণের সুরক্ষা’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। রোববার (৯ আগস্ট) দিনব্যাপী এই আয়োজন করে পামডো।
ওই দিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে আদিবাসী নারী-পুরুষ, শিশুরাও অংশ নেন। অনেকের হাতে ব্যানার, ফেস্টুন ও মাথায় ছিল আদিবাসী ঐতিহ্যবাহী টুপি।
আলোচনা সভায় পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান। এসময় বক্তব্য দেন-আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ সিনিয়র ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী প্রমুখ।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, আদিবাসী ধাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে আদিবাসী নারী-পুরুষদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশিত হয়।