বিন্তি হত্যার রহস্য উন্মোচন, যা জানালো পুলিশ

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং অন্য কারও সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে তারা। অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে বিন্তি ও সিয়ামকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে প্রথমে তাদের স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেলেও একপর্যায়ে সিয়াম তাকে অন্য এক তরুণের সঙ্গে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় সে কিছু ছবি দেখায় বলেও জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে, তাদের মধ্যে প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিন্তি তাকে এড়িয়ে চলছিল এবং অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে সে সন্দেহ করছিল। এই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে বলে দাবি পুলিশের।

তবে নিহতের পরিবারের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সিয়াম দীর্ঘদিন ধরে বিন্তিকে উত্ত্যক্ত করে আসছিল। এটি প্রেমঘটিত বিরোধ নয়, বরং হয়রানির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে তাদের দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে, যা থেকে পূর্বপরিচয়ের ইঙ্গিত পাওয়া যায়। একই সঙ্গে সিয়াম কোনো মাদকচক্রের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ থাকলেও প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।