‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’—এই স্লোগান সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে র্যালি, বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ৬টায় আফতাবনগরে সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। পরে এলাকার আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার ব্যবস্থা করা হয়। এ সময় ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্তে ব্যবহৃত HOMA-IR পরীক্ষায় বিশেষ ছাড়ের কুপনও বিতরণ করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত থেকে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের ঝুঁকি ও প্রতিরোধে জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।
পরে জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডা. জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের ঝুঁকি, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এ ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তির চর্চা জরুরি। পাশাপাশি রোজা বা অটোফেজি চর্চার বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, ভিডিও ও তথ্য প্রচার করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
জেকে লাইফস্টাইলের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনলে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই ছিল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।