জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সফরসূচিতে সরকারের একাধিক মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শীর্ষ সরকারি ও ব্যক্তিগত কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, সুশাসন, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর ৩৫ জনের সফরসঙ্গীর দলে থাকছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি যুক্ত আছেন রাজনৈতিক দলের প্রতিনিধি সাইফুল হক ও গোলাম মহিউদ্দিন।

নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানসহ মোট ৫টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশ আয়োজিত দুটি সাইডলাইন ইভেন্টেও অংশ নেবেন সরকারপ্রধান।