ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় কারখানা প্রাঙ্গণে থাকা একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের লরিতে বিকট শব্দে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আগুনে দগ্ধ ও ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে ৬ জন নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি গ্রুপের 'এস স্যুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক'-এর ভেতরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের তীব্রতায় লরির ভেতরে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা ৫ জন ঘটনাস্থলেই পুড়ে মারা যান। মরদেহগুলো ভয়াবহভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে লরি বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে গিয়ে পাশের সড়কে থাকা মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা নাতি আহত হয়। নিহত জয়নব বেগম গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা এবং জামগড়ায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে। দগ্ধ মরদেহের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের সামরিক সমীকরণ বদলে দিয়েছে ইরান
জ্বালানি তেলের দাম বাড়লো