নিজের বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি একটু ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসছেন, একটু গন্ডার হতে হবে। তবে এমন গন্ডার হইয়েন না, যে নাড়া দিলেও নড়ে না।’
সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। উনি ছয় মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেইল করেছেন। এখন সময় এসেছে—হাতে ক্ষমতা তুলে নেওয়ার।’
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়। এর আগে সিলেটের কানাইঘাট, ওসমানীনগর ও জৈন্তাপুরে এনসিপির কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়।
কোম্পানীগঞ্জ এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নির্দেশ দিয়ে বলেন, আজ থেকে কোনো অফিসে ঘুষ বা চাঁদা দেবেন না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি মন্তব্য করেন, দিল্লি থেকে ধমক দিলেও বাংলাদেশে ফেরা মাত্রই জনগণ তার ফাঁসি নিশ্চিত করবে। এছাড়া ছাত্রদলের ৫ আগস্ট পরবর্তী কর্মকাণ্ড এবং সীমান্ত হত্যা নিয়ে স্থানীয় এমপিদের নীরবতার কড়া সমালোচনা করেন তিনি।
কোম্পানীগঞ্জের বন্ধ হওয়া পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে চালুর দাবি জানিয়ে তিনি হযরত শাহজালাল (র.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার আহ্বান জানান।