স্পেনে ৬০ হাজার অভিবাসীর রেকর্ড অনুপ্রবেশ, ৩৪ প্রাণহানি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৩৯ এএম

মরক্কো সীমান্ত দিয়ে স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা সেউতায় রেকর্ডসংখ্যক প্রায় ৬০ হাজার অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছেন। সমুদ্র সাঁতরে এবং সীমান্ত প্রাচীর টপকে স্পেনে প্রবেশের চেষ্টা করার সময় পানিতে ডুবে ও অন্যান্য দুর্ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সেউতার শীর্ষ কর্মকর্তা জুয়ান জেসাস ভিসাস এই নজিরবিহীন ঘটনার কথা নিশ্চিত করেছেন। হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষের আগমনে এলাকাটিতে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

নতুন করে প্রবেশ করা এই শরণার্থী ও অভিবাসীর সংখ্যা সেউতার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম হিমশিম খাচ্ছে এবং নিরাপত্তার শঙ্কা বৃদ্ধি পেয়েছে।

উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা ও মেলিলা মূলত মরক্কো থেকে ভূমধ্যসাগরে প্রসারিত স্প্যানিশ ভূখণ্ড। শহর দুটি আফ্রিকান মহাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র সরাসরি স্থলসীমান্ত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

প্রায় ৮৫ হাজার জনসংখ্যার এই শহর দুটিতে এর আগেও অভিবাসীদের প্রবেশের ঘটনা ঘটেছে। তবে ইতিহাসে এই প্রথম এত অল্প সময়ের মধ্যে ৬০ হাজার মানুষ সীমান্ত পার হয়ে ইউরোপ ভূখণ্ডে ঢুকল।

মূলত জিব্রাল্টার প্রণালির অপর প্রান্তে অবস্থিত স্পেনের মূল ভূখণ্ডে পৌঁছানো এবং ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় নিশ্চিত করাই এসব মানুষের মূল লক্ষ্য।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স (Reuters)

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত