মোজতবা খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যা করার সাম্প্রতিক ইসরায়েলি হুমকির বিরুদ্ধে বিশ্ব সংস্থার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। 

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বিশ্ব সংস্থার কাছে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের এই হুমকিকে ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো "রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক নীতির অংশ" হিসেবে অভিহিত করেছেন।

তিনি এই হুমকিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, "সাবেক ইরানি নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যার মতো ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের পূর্ববর্তী অবৈধ আগ্রাসনের সাথে এটি সম্পর্কিত, যা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় এবং সমর্থনে পরিচালিত হয়েছিল।"

ইরাভানি আরও যোগ করেন যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে জবাবদিহিহীনভাবে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। একই সাথে তিনি সতর্ক করে বলেন, যেকোনো বৈরী আচরণের জবাব দেবে তেহরান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "দুর্ভাগ্যবশত, জাতিসংঘের সনদের অধীনে নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল পার পেয়ে যাওয়ার সংস্কৃতি পেয়েছে। এটি ইসরায়েলি শাসনকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করার ক্ষেত্রে আরও বেপরোয়া করে তুলেছে, যা একটি অত্যন্ত বিপজ্জনক নজির সৃষ্টি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করে। সূত্র: আল জাজিরা