ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবে না আইএইএ: ইরান

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক সাইটগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শনের সুযোগ পাওয়ার খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক সাইটগুলো পরিদর্শন করার কোনো অধিকার আইএইএ পরিদর্শকদের নেই।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি (IRIB)-এর প্রতিবেদন অনুযায়ী স্পিকার গালিবাফ বলেন, "বর্তমানে আইএইএ পরিদর্শকদের কেবল দুটি স্থানে প্রবেশের অনুমতি রয়েছে; একটি হলো বুশেহর বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যটি তেহরান রিঅ্যাক্টর।"

গালিবাফ আরও জানান যে, ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই এই ধরনের পরিদর্শন নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। তিনি বলেন, "পার্লামেন্ট নিজেই এই আইনটি পাস করেছে এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও এর পক্ষে একটি অনুরূপ প্রস্তাব গ্রহণ করেছে।"

ইরানি স্পিকারের এই মন্তব্যটি এমন সময়ে এলো, যার কিছুদিন আগেই আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছিলেন যে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের (MoU) অধীনে সংস্থার পরিদর্শকদের অবশ্যই ইরানের পারমাণবিক সাইটগুলোতে প্রবেশ ও পরিদর্শন করতে হবে। গ্রোসি আশা প্রকাশ করে বলেছিলেন, "আমরা আশা করি খুব শিগগিরই সেখানে পৌঁছাতে পারব।" সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন