পাকিস্তানে মাসব্যাপী ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ১০৭ মৃত্যু

পাকিস্তানের বর্ষাকালীন প্রবল বৃষ্টিপাত, বন্যা, বজ্রপাত এবং ছাদ ও দেওয়াল ধসের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগে গত এক মাসে ১০৭ জনের প্রাণহানি ঘটেছে।

২৬ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ঘটে যাওয়া এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে টানা বৃষ্টির কারণে কাঁচা ও দুর্বল ঘরবাড়ির ছাদ বা দেওয়াল ধসে। মূলত জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে প্রতি বছরই বর্ষাকালে পাকিস্তানে এমন ভয়াবহ বিপর্যয় নেমে আসে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায়, যেখানে মোট ৫৫ জন মারা গেছেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে।

এছাড়া গত এক মাসের এই দুর্যোগে আজাদ কাশ্মিরে ৭ জন, বেলুচিস্তানে ৬ জন, সিন্ধ প্রদেশে ২ জন এবং গিলগিট-বাল্টিস্তানে ১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ ত্বরান্বিত করতে ইতোমধ্যেই ইমার্জেন্সি রেসপন্স কমিটি (ERC) গঠন করা হয়েছে।

গতকাল এনডিএমএ সদর দপ্তরে ইআরসি এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, জলবায়ু পরিবর্তন মন্ত্রী ড. মুসাদিক মালিক এবং খাদ্য নিরাপত্তা মন্ত্রী রানা তানভীর হুসাইন।

বৈঠকে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরগুলোর তৎপরতা বৃদ্ধি এবং দ্রুত ত্রাণ পৌঁছানোর বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয় বলে জানান এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

সূত্র: ডন (Dawn)