ভারত সীমান্তে সামরিক শক্তি আরও বাড়াল চীন। সীমান্ত ঘেঁষা কৌশলগত বিমানঘাঁটিগুলোতে বেইজিং অত্যন্ত শক্তিশালী ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে।
স্যাটেলাইট ইমেজিং সংস্থা ‘ভ্যান্টর’-এর সম্প্রতি প্রকাশিত উপগ্রহ চিত্রে এ তথ্যের সত্যতা মিলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন ও জুলাইয়ের মধ্যে চীন এসব যুদ্ধবিমান মোতায়েন করে।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৯ জুলাই উইঘুর স্বায়ত্তশাসিত শিনজিয়াংয়ের হোতান বিমানঘাঁটিতে সাতটি জে-২০ বিমান রাখা হয়। ভারতীয় সীমান্তের কাছে চীনা যুদ্ধবিমানের এটিই এযাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ।
হোতান ঘাঁটিটি ভারতের লাদাখের রাজধানী লেহ থেকে ৩৮৯ কিলোমিটার এবং দৌলত বেগ ওল্ডিতে অবস্থিত ভারতীয় বিমানক্ষেত্রের মাত্র ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ফলে কৌশলগতভাবে এটি ভারতের জন্য বেশ উদ্বেগজনক।
অন্যদিকে তিব্বতের লাসা প্রিফেকচারের দামশুং বিমানঘাঁটির ফ্লাইটলাইনে দেখা গেছে বাকি চারটি জে-২০ যুদ্ধবিমান। এটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে মাত্র ৩৪৪ কিলোমিটার দূরে অবস্থিত।
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘নিউস্পেস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক ফাইটার পাইলট সমীর জোশী বলেন, উচ্চতর বিমানঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের এসব স্টিলথ বিমান পরিচালনা চীনা বিমানবাহিনীর জন্য এখন একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, ভারতের উত্তর সীমান্তে অদৃশ্য বা কম-শনাক্তযোগ্য হুমকি এখন একটি সাধারণ বিষয়। এর মোকাবিলায় কাউন্টার-স্টিলথ সেন্সর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্ট্যান্ডঅফ স্ট্রাইক সক্ষমতা দ্রুত আধুনিকীকরণ করা জরুরি।
চীনের এই ৫ম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এতে রয়েছে দূরপাল্লার মিসাইল প্রযুক্তি। এর ফলে আকাশে আধিপত্য বিস্তারে ভারতীয় বিমানবাহিনীর বর্তমান সক্ষমতার চেয়ে চীন অনেকটা এগিয়ে রয়েছে।
বর্তমানে ভারতের হাতে কোনো নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান নেই। দেশটির প্রথম স্বদেশী স্টিলথ বিমান ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (AMCA) নির্মাণাধীন থাকলেও, এটি বহরে যুক্ত হতে আরও অন্তত এক দশক সময় লাগবে।
সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ওয়ার জোন’-এর মতে, ২০১৯ সালে চীন যেখানে মাত্র ৫০টি জে-২০ বিমান বানিয়েছিল, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ তা প্রায় ৩০০ থেকে ৫০০টিতে পৌঁছেছে।
যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ধারণা করছে, ২০৩০ সালের মধ্যে চীনের বিমানবাহিনীতে জে-২০ ফাইটারের সংখ্যা ১ হাজারে উন্নীত হতে পারে।
এর বিপরীতে ভারতের বিমানবাহিনীতে বর্তমানে ৪.৫ প্রজন্মের ফরাসি রাফাল যুদ্ধবিমান রয়েছে মাত্র ৩৬টি। যদিও নতুন করে আরও রাফাল কেনার পরিকল্পনা ও চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: এনডিটিভি ও দ্য ওয়ার জোন।