প্রেসিডেন্ট শপথের আগেই কলম্বিয়ায় গাড়িবোমা হামলা, আহত ১১

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শপথগ্রহণের মাত্র ছয় দিন আগে দেশটির সীমান্ত শহরে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কুকুতায় এ হামলা চালানো হয়। নোর্তে দে সান্তান্দের বিভাগের নিরাপত্তা সচিব জর্জ কুইন্তেরো জানান, আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সীমান্তবর্তী এই অঞ্চলটিতে বিদ্রোহী গোষ্ঠী ইএলএন (ELN), ফার্কের (FARC) ভিন্নমতাবলম্বী দল এবং শক্তিশালী অপরাধী চক্র 'ক্লান দেল গোলফো' সক্রিয় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা এই ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করেন, সন্ত্রাসবাদ দিয়ে কলম্বিয়ার মানুষের শান্তির সংকল্প দমিয়ে রাখা যাবে না।

উল্লেখ্য, দীর্ঘ ছয় দশক ধরে কলম্বিয়া সরকার, বামপন্থী বিদ্রোহী, ডানপন্থী আধাসামরিক বাহিনী এবং মাদক পাচারকারী চক্রগুলোর রক্তক্ষয়ী সংঘাতের মুখোমুখি হচ্ছে। বিশ্বজুড়ে কোকেন উৎপাদনের শীর্ষ কেন্দ্র হওয়ায় দেশটি প্রতিনিয়ত অভ্যন্তরীণ সহিংসতার কবলে পড়ে।

আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া ডানপন্থী এই নেতা অপরাধী চক্র ও বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং মাদক পাচারকারীদের দমনে জোরালো পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর পথ থেকে সরে এসে তিনি নতুন এই কঠোর অবস্থান নিচ্ছেন। পেত্রো তাঁর মেয়াদের সংঘাত নিরসনে মূলত সংলাপভিত্তিক নীতি ও ক্ষুদ্র কোকা চাষিদের ছাড় দেওয়ার কৌশলে জোর দিয়েছিলেন।

নিরাপত্তা শঙ্কার কারণে নতুন প্রেসিডেন্ট প্রথমে কাওকা বিভাগের একটি সামরিক ঘাঁটিতে শপথ নিতে চেয়েছিলেন। তবে অনুমতি না পাওয়ায় এখন রাজধানী বোগোটার সিটি হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ মোতায়েন থাকবে।

সূত্র: আলজাজিরা