কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায়। নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, খনি ধসের পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে।

নারিনো বিভাগের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো জানিয়েছেন, দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ। তবে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

সান্তা বারবারা দে ইসকুয়ান্দে ঘন রেইনফরেস্ট বা বৃষ্টিবনবেষ্টিত একটি এলাকা। সেখানে সড়কপথে সহজে পৌঁছানো যায় না; নৌকা কিংবা ছোট উড়োজাহাজে করে যাতায়াত করতে হয়। দুর্গম অবস্থানের কারণে উদ্ধার কার্যক্রম ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অনানুষ্ঠানিক’ খনি হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, এই মুহূর্তে তাঁদের অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং মর্মান্তিক এই ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করা।

কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খনির কার্যক্রম বেশ প্রচলিত। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আলজাজিরা

ওয়াইএ
আরও পড়ুন