কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:৩০ এএম

কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে শৌভিক রয় (৩১) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে 'সি স্পোর্টস প্যারাসেইলিং' পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক খুলনার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। তিনি ৯ জনের একটি দলের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বেল্ট ছিঁড়ে তিনি সরাসরি সাগরে পড়ে যান। পরে আয়োজক প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালে আনা হলেও পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

জেলা প্রশাসনের ট্যুরিজম সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই ঝুঁকিপূর্ণভাবে প্যারাসেইলিং চালানো হচ্ছে। এর আগেও এই প্রতিষ্ঠানে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। 

জেলা প্রশাসক আগে এই কার্যক্রমকে অবৈধ ঘোষণা করলেও প্রশাসনের নজর এড়িয়ে তা কীভাবে চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তথ্যসূত্র : স্থানীয় প্রত্যক্ষদর্শী, কক্সবাজার সদর থানা পুলিশ ও জেলা প্রশাসন ট্যুরিজম সেল।

HN
আরও পড়ুন