ইরান যুদ্ধ অব্যাহত রাখলে চাপে পড়বে মার্কিন বাহিনী: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে ইরান যুদ্ধ চালিয়ে গেলে বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনী অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা জানিয়েছেন।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সেনা, নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডাররাও এ বিষয়ে সতর্ক করেছেন।

নিয়মিত প্রকাশিত একটি গোপনীয় প্রতিবেদনে এসব সতর্কবার্তা উঠে এসেছে। এতে শীর্ষ সামরিক কর্মকর্তারা বর্তমান সামরিক মোতায়েনের নির্দেশনার সঙ্গে তাদের মতপার্থক্যের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে নির্দেশনা নিয়ে আপত্তি থাকলেও তারা তা বাস্তবায়ন করবেন বলেও উল্লেখ করেছেন।

কমান্ডারদের আশঙ্কা, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার বড় অংশ ব্যবহৃত হওয়ায় বিশ্বের অন্যান্য অঞ্চলে দায়িত্ব পালন ও সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও অন্যান্য সরঞ্জাম ইরান যুদ্ধের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের কমান্ডারদের নিয়মিত সামরিক অভিযান পরিচালনা এবং সেনাদের প্রস্তুত রাখার সক্ষমতা কমে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক মাস ধরে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার নির্দেশ দিলে দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি হিসেবে তাদের এ অবস্থায় রাখা হয়েছে।

ট্রাম্প প্রশাসন ইরানের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার দাবি জানিয়ে আসছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের এই সতর্কবার্তা এমন সময়ে সামনে এলো, যখন ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতি ও প্রস্তুতি কতটা ধরে রাখা সম্ভব হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের মতে, একটি অঞ্চলে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান চালাতে গিয়ে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।