সামরিক উপায়ে ইরান যুদ্ধের সমাধান সম্ভব নয়: জার্মান চ্যান্সেলর মের্ৎস

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। একই সঙ্গে সংঘাতের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত যুদ্ধ বন্ধের ওপর অর্থনৈতিক গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মের্ৎস বলেন, ইরান যুদ্ধের কারণে গত আট মাসে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোরও বেশি বেড়েছে। ডলারে যার পরিমাণ প্রায় ১১২ বিলিয়ন।

তিনি বলেন, “এই সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে হয়েছে।”

মের্ৎস আরও বলেন, “তাই যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্বার্থও রয়েছে।”

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথাও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। তাঁর ভাষ্য, সংঘাতের অবসান ঘটাতে জার্মানি সমন্বিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই উদ্যোগ আরও বাড়ানো হচ্ছে।

সংলাপের ওপর গুরুত্ব দিয়ে মের্ৎস বলেন, “এই সংঘাত সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়।”