যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার চার ঘণ্টার বেশি সময় ধরে এই স্থগিতাদেশ কার্যকর ছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে এফএএ।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় কোনো হামলার আলামত পাওয়া যায়নি এবং সবাই নিরাপদে ছিলেন। দীর্ঘ সময়ের এই বিপর্যয়ে কতটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্তর্জাতিক চলাচলে কী প্রভাব পড়েছে এবং এর কারণ কী—তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে বিবিসি।
কতটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে?
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশের কারণে ৮ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
এফএএ শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে (জিএমটি রাত ৮টা ৫৪ মিনিট) প্রাথমিক ঘোষণা দেয়। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রাখার কথা বলা হয়।
নির্দেশ জারির সময় আকাশে ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ ছিল। এর মধ্যে কিছু উড়োজাহাজকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়, আবার কিছু নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। কয়েক ঘণ্টা পর সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। পরে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে এফএএ আকাশপথ আবার খুলে দেয়।
আন্তর্জাতিক ফ্লাইটেও প্রভাব
যুক্তরাষ্ট্রগামী আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও এর প্রভাব পড়ে। ইউরোপীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে এফএএর অনুরোধে সংস্থাটির সদস্য দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল।
ইউরোকন্ট্রোলের সদস্য ৪২টি দেশ। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ, যুক্তরাজ্য, ইউক্রেন, তুরস্ক, ইসরায়েল ও মরক্কো রয়েছে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর সিডনি থেকেও যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলাচলকারী ফ্লাইট বাতিল করে এয়ার কানাডা।
কবে স্বাভাবিক হবে বিমান চলাচল?
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিপর্যয়ের প্রভাব কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। বিকেলের ঘটনায় তৈরি হওয়া জট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে।
তিনি জানান, দেশের বিভিন্ন বিমানবন্দরে কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার মানুষ আটকা পড়েছেন। তাঁদের অনেকেই জানতেন না, রাতে কোথায় থাকবেন।
ডেল্টা এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, তারা আবার ফ্লাইট পরিচালনা শুরু করছে। আমেরিকান এয়ারলাইনস বলেছে, শুক্রবার সন্ধ্যায় যত বেশি সম্ভব বাকি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে তারা। জেটব্লু জানিয়েছে, শনিবার সকালে তাদের ফ্লাইট চলাচল আবার শুরু হবে।
কী কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়েছিল?
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত পুরোনো যোগাযোগব্যবস্থা অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে অচল হয়ে পড়ে। অ্যানালগ টেলিযোগাযোগ ব্যবস্থার সুইচ ও রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে কাজ করা বন্ধ করে দেয়। এতে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ও রাডার ব্যবস্থায় সমস্যা তৈরি হয়।
ডাফি বলেন, এই ব্যবস্থার সম্পূর্ণ আধুনিকায়ন প্রয়োজন। এ জন্য প্রায় ৫০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে তিনি ধারণা দিয়েছেন। তাঁর আশঙ্কা, প্রয়োজনীয় সংস্কার না হলে এ ধরনের সমস্যা আবারও দেখা দিতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, ঘটনাটি সাইবার হামলার কারণে ঘটেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশ্বব্যাপী মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।
মুলিনের ভাষ্য, পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় নতুন কিছু প্রযুক্তি যুক্ত করার ফলে ব্যবস্থাটি অতিরিক্ত চাপের মুখে পড়ে। তবে দুই মন্ত্রীই জোর দিয়ে বলেছেন, ফ্লাইট চলাচল বন্ধ থাকার সময় সাধারণ মানুষ কোনো বিপদের মধ্যে ছিলেন না।
এর আগে কবে এমন ঘটনা ঘটেছিল?
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসীরা উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পর দেশজুড়ে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর শুক্রবারের ঘটনাটি দেশজুড়ে ফ্লাইট স্থগিত রাখার দ্বিতীয় ঘটনা।
বিমান চলাচল বিশেষজ্ঞ ও ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গাই গ্র্যাটন বিবিসি ভেরিফাইকে বলেন, শুক্রবারের ঘটনাটি ৯/১১-এর পর সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে হচ্ছে, তবে সেটি ২০০১ সালের ঘটনার সমতুল্য নয়।
তিনি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে নোটিস টু এয়ার মিশনস (নোটাম) ব্যবস্থায় ত্রুটির কারণে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনার কথাও উল্লেখ করেন। ওই সময় বিমান চলাচলের নিরাপত্তাসংক্রান্ত নোটিস প্রকাশ করা যাচ্ছিল না। ব্যবস্থা পুনরায় সচল না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
ড. গ্র্যাটনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ওই স্থগিতাদেশ এক ঘণ্টা ৫২ মিনিট স্থায়ী হয়েছিল। এতে প্রায় ৯ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ৩০০টি ফ্লাইট বাতিল হয়। তবে শুক্রবারের এবারের বিপর্যয় ২০২৩ সালের ঘটনার চেয়েও দীর্ঘস্থায়ী হয়েছে।