ইরানে আইএইএ’র পরিদর্শন শুরুর আগে আগ্রাসন বন্ধ চায় চীন-রাশিয়া

ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেওয়া না হলে দেশটিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) যাচাই ও পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান, চীন ও রাশিয়া।

বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র পরিচালনা পর্ষদের অধিবেশনে দেওয়া এক যৌথ বিবৃতিতে তিন দেশ এ অবস্থান তুলে ধরে। ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সুরক্ষা চুক্তি বাস্তবায়নবিষয়ক আলোচ্যসূচির অধীনে বিবৃতিটি উপস্থাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার আওতাধীন পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এবং ভবিষ্যতে আরও আগ্রাসনের অব্যাহত হুমকির কারণে স্বাভাবিক নিয়মে সুরক্ষা ও যাচাই কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতিকে ব্যতিক্রমী উল্লেখ করে তিন দেশ বলেছে, ইরানে আইএইএ’র যেকোনো যাচাই কার্যক্রম নির্ধারণে বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসনের কারণে সৃষ্ট বাস্তব প্রতিবন্ধকতা এবং শক্তি প্রয়োগের অব্যাহত হুমকিকে যথাযথভাবে বিবেচনায় না নিয়ে ওই স্থাপনাগুলোতে স্বাভাবিক নিয়মে সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য নিঃশর্ত চাপ প্রয়োগ আইএইএ’র যাচাই কার্যক্রম পুরোপুরি পুনরায় শুরুর অনুকূল নয়।’

তিন দেশের মতে, ইরানে আইএইএ’র কার্যক্রম পুনরায় শুরু করতে হলে আগ্রাসন বন্ধ করতে হবে, নতুন করে হামলার সব হুমকি প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বা হুমকি আর দেওয়া হবে না—এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা এবং হামলার হুমকি জাতিসংঘ সনদে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি নিষিদ্ধ করার বিধানের পরিপন্থী। এসব পদক্ষেপ আইএইএ’র যাচাই কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় পরিবেশ নষ্ট করছে এবং আন্তর্জাতিক পরমাণু সুরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, অখণ্ডতা ও কার্যকারিতা ক্ষুণ্ন করছে।

বুশেহর পারমাণবিক কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান

বিবৃতিতে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২০২৬ সালে নির্ধারিত সব আইএইএ পরিদর্শনের অনুমতি দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। আইএইএ মহাপরিচালকের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ রয়েছে বলে জানায় তিন দেশ।

তাদের বক্তব্য, গুরুতর প্রতিবন্ধকতা ও সামরিক হামলার অব্যাহত হুমকি সত্ত্বেও ইরানের এ পদক্ষেপ আইএইএ’র সঙ্গে সহযোগিতা এবং পরমাণু সুরক্ষা চুক্তির বাধ্যবাধকতা পালনে তেহরানের সদিচ্ছার প্রমাণ।

ইরান, চীন ও রাশিয়া বলেছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক সংলাপই বর্তমান পরিস্থিতি মোকাবিলার একমাত্র কার্যকর ও বাস্তবসম্মত পথ।

তিন দেশ দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইরান ও আইএইএ’র মধ্যে সহযোগিতা সহজ করতে বাস্তব পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, এমন কোনো পদক্ষেপ বা অবস্থান নেওয়া উচিত নয়, যা বিদ্যমান সংকট আরও বাড়িয়ে তুলতে পারে কিংবা আলোচনা ও সহযোগিতার পরিবেশকে আরও দুর্বল করে।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দফায় ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার পাশাপাশি সামরিক ও বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ করেছে তিন দেশ।

তাদের দাবি, এসব হামলার পাশাপাশি নতুন করে হামলার হুমকি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগজনক বক্তব্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও আইএইএ’র সংবিধিসহ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার অখণ্ডতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রতিটি দফার ব্যাপক সামরিক হামলার আগে আইএইএ ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে ভিত্তিহীন সতর্কবার্তা দিয়েছিল বলে অভিযোগ করেছে তিন দেশ। তাদের দাবি, এসব সতর্কবার্তা হামলার পক্ষে যুক্তি তৈরিতে ব্যবহার করেছে হামলাকারী পক্ষ।

অন্যদিকে, আইএইএ এখন পর্যন্ত এসব সামরিক আগ্রাসনের নিন্দা জানানো থেকে বিরত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।