ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে উদ্বেগ

চীন, বাংলাদেশসহ ১৪টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে এসব দেশ আন্তর্জাতিক বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে—এমন অভিযোগ তুলে বুধবার নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। তবে দেশভেদে প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়ার পর নতুন করে এ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ১২টি দেশ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্যরাষ্ট্র এবং স্বশাসিত দ্বীপ তাইওয়ানের বাণিজ্যনীতি নিয়ে কয়েক মাস ধরে তদন্ত চালায় ওয়াশিংটন।

বুধবার (২৫ নভেম্বর) ঘোষিত প্রস্তাবে সবচেয়ে বেশি ২০ শতাংশ শুল্কের মুখে পড়তে যাচ্ছে চীন। এর সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও কার্যকর থাকবে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য বোর্ডের মাধ্যমে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনাধীন থাকায় চীন থেকে আমদানি করা প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্য নতুন শুল্কের আওতার বাইরে থাকবে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন নিজ দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়াচ্ছে এবং ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য কম দামে বিশ্ববাজারে সরবরাহ করছে। এতে অন্য দেশগুলোর উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন বলে দাবি ওয়াশিংটনের।

তবে বেইজিং এ অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা ‘ওভারক্যাপাসিটি’ নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তা একটি ভুয়া ইস্যু। রাজনৈতিক উদ্দেশ্যে এ বিষয়কে ব্যবহারের বিরোধিতা করে চীন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান তিনি।

চীন ছাড়াও নতুন শুল্কের প্রস্তাবের আওতায় রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

তদন্তের আওতায় থাকা মেক্সিকো ও নরওয়েকে অবশ্য নতুন শুল্কের তালিকায় রাখা হয়নি। দেশ দুটির বাণিজ্যনীতি নিয়ে তদন্ত এখনো চলমান রয়েছে।

সেকশন ৩০১-এর প্রয়োগ নিয়ে সমালোচনা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের উদ্যোগে আট মাস ধরে চলা তদন্তের ভিত্তিতে নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের সেকশন ৩০১ অনুযায়ী, কোনো দেশ অযৌক্তিক বা বৈষম্যমূলক বাণিজ্যনীতি অনুসরণ করলে প্রেসিডেন্ট সেই দেশের পণ্যে আমদানি শুল্কসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।

তবে এ আইনের প্রয়োগ নিয়ে সমালোচনা করেছেন জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক গ্রেগরি শ্যাফার। আলজাজিরাকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন সেকশন ৩০১-এর তদন্তকে নিজেদের বৈশ্বিক শুল্কনীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট যেকোনো সময় শুল্ক পরিবর্তনের সুযোগ পাচ্ছেন, যা সংবিধান অনুযায়ী শুল্ক নির্ধারণে কংগ্রেসের ক্ষমতাকে খর্ব করছে বলে তাঁর অভিযোগ।

এদিকে, পৃথক ঘোষণায় ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের তৈরি সম্পূর্ণ উড়োজাহাজের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক বিমান পরিবহন সংস্থাগুলো ইউনাইটেড এক্সপ্রেস, ডেল্টা কানেকশন ও আমেরিকান ঈগলের মতো ব্র্যান্ডের অধীনে এসব উড়োজাহাজ ব্যবহার করে। যুক্তরাষ্ট্রে ব্রাজিলের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য হলো সম্পূর্ণ তৈরি উড়োজাহাজ।

এ ছাড়া নির্ধারিত আমদানি কোটা ছাড়িয়ে ব্রাজিল থেকে আনা চিনির ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ওয়াশিংটনের। ব্রাজিলের কথিত অন্যায্য বাণিজ্যনীতি সংশোধনে দেশটির সরকারকে চাপ দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

নতুন শুল্কের প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, সেকশন ৩০১-এর তদন্তে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রাথমিক ফলাফল তারা পর্যালোচনা করবে। তবে ইউরোপ অতিরিক্ত উৎপাদন সক্ষমতার উৎস—এমন ধারণা প্রত্যাখ্যান করেছে ইইউ।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল আলজাজিরাকে বলেন, ইউরোপ বরং অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর একটি।

সুইজারল্যান্ড সরকারও তদন্তের ভিত্তিতে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, নরওয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রশংসা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরিতে সহায়ক কোনো নীতি নরওয়ের নেই। দেশটির প্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে।

যুক্তরাষ্ট্রের নিউ আমেরিকান সিকিউরিটি সেন্টারের জ্যেষ্ঠ ফেলো র‍্যাচেল জিয়েম্বা বলেন, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ঠিক আগে এ ঘোষণা দেওয়ায় আলোচনার নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে এর ফলে ২০২৭ সালে মূল্যস্ফীতির চাপ ও সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতার ঝুঁকি বাড়তে পারে। গ্যাসের দাম কমার ফলে যে অর্থনৈতিক সুবিধা পাওয়ার কথা, তাও কিছুটা কমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন

নতুন শুল্কের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ০ দশমিক ৬ শতাংশ কমেছে। দিনের শুরুর দিকে সূচকটি ৪ শতাংশের বেশি পড়ে গিয়েছিল। এসঅ্যান্ডপি ৫০০ সূচক দিন শেষে ০ দশমিক ২৫ শতাংশ কমে যায়। তবে দিনের শুরুতে দরপতনের পর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দিন শেষ করে।

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দামও ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে স্বর্ণের দরপতনের পেছনে শুধু শুল্ক ঘোষণাই নয়, বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যও ভূমিকা রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সূচক বুধবার ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে। এতে স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ কমতে পারে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ—উভয় অঞ্চলের সরকারি বন্ডের সুদহার কমেছে। ইউরোজোনের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার ৪ দশমিক ৫ বেসিস পয়েন্ট কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৬ দশমিক ৮ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৩৪ শতাংশে নেমেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ বন্ডের সুদহার কমেছে।

সূত্র: আল-জাজিরা