যুক্তরাষ্ট্রে সবার জন্য সরকারি স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাব ‘মেডিকেয়ার ফর অল’ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নতুন নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছেন তিনি। ট্রাম্পের এ আগ্রহকে ঘিরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এল-সায়েদের সঙ্গে তাঁর বৈঠক হবে। ডেমোক্র্যাট এই সিনেটরকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, দুই পক্ষের প্রস্তাবের মধ্যে হয়তো একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
এর কয়েক সপ্তাহ আগেই নির্বাচনী প্রচারে এল-সায়েদের সমালোচনা করেছিলেন ট্রাম্প। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট আসনে জয়ী হওয়ার পর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা। তাঁর নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান বিষয় ছিল মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো।
চলতি মাসে জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির নাম পরিবর্তন করে ট্রাম্পের নাম যুক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, ট্রাম্প যদি ‘ট্রাম্পকেয়ার ফর অল’ চালু করতে চান, তাতেও তাঁর আপত্তি নেই। কারণ, ট্রাম্প বিভিন্ন উদ্যোগের সঙ্গে নিজের নাম যুক্ত করতে পছন্দ করেন।
এর কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে সোনালি রঙের একটি স্বাস্থ্যবিমা কার্ডের নমুনা প্রকাশ করেন এল-সায়েদ। কার্ডটিতে ট্রাম্পের স্বাক্ষর এবং ‘ট্রাম্পকেয়ার’ নাম ব্যবহার করা হয়। পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় তিনি প্রেসিডেন্টকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মার্কিন নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রথমে হোয়াইট হাউস এ প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। তবে শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এল-সায়েদের প্রকাশ করা কার্ডের ছবিটি শেয়ার করেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারেও ‘ট্রাম্পকেয়ার’ নামকরণের ধারণাকে বুদ্ধিদীপ্ত বলে মন্তব্য করেন তিনি।
এল-সায়েদের প্রস্তাব অনুযায়ী, সরকার পরিচালিত একটি স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে। তবে এতে বেসরকারি স্বাস্থ্যবিমার ব্যবস্থাও বহাল থাকবে।
ট্রাম্প এখনো এই প্রস্তাবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানাননি। এমনকি দুই নেতার বৈঠকের তারিখও নির্ধারিত হয়নি। তবে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা থাকায় সম্ভাব্য বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে স্বাস্থ্যসেবা আন্দোলনের কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের আগ্রহ তৈরি হয়েছে।
ট্রাম্পের সমর্থন শেষ পর্যন্ত প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগকে কতটা এগিয়ে নেবে, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রে সর্বজনীন স্বাস্থ্যসেবার দীর্ঘ ইতিহাস
যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি এক শতাব্দীরও বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। তবে গত কয়েক দশকে এ ধরনের উদ্যোগ বেসরকারি স্বাস্থ্যসেবা ও বিমা খাতের বিরোধিতার মুখে পড়েছে।
১৯৩০-এর দশকে মহামন্দার সময় প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সামাজিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে কাজ করতে অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক একটি কমিটি গঠন করেন। স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সামাজিক বিমার প্রয়োজনীয়তা পর্যালোচনা করাই ছিল কমিটির অন্যতম দায়িত্ব। তবে তাঁর শাসনামলে জাতীয় স্বাস্থ্যবিমা আইন পাস হয়নি।
১৯৪৫ সালে রুজভেল্টের উত্তরসূরি প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ জাতীয় স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। কিন্তু আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের তীব্র বিরোধিতার মুখে সেই উদ্যোগ ব্যর্থ হয়। সংগঠনটি প্রস্তাবটিকে ‘সমাজতান্ত্রিক চিকিৎসাব্যবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছিল।
এর প্রায় ২০ বছর পর প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন মেডিকেয়ার ও মেডিকেইড নামে দুটি সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি আইনে পরিণত করেন। তবে এসব কর্মসূচির আওতা সীমিত ছিল। মেডিকেয়ার মূলত বয়স্কদের এবং মেডিকেইড স্বল্প আয়ের মানুষ ও বিশেষ চাহিদাসম্পন্ন কিছু জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ দেয়।
এরপর ডেমোক্র্যাট নেতারা বিভিন্ন সময়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর চেষ্টা করেন।
১৯৯৪ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন এমন একটি পরিকল্পনা করেন, যার মাধ্যমে বেসরকারি বিমার আওতায় প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা ছিল। এ ক্ষেত্রে নিয়োগকর্তাদেরও বিমার খরচে অংশ নেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু বিমা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে প্রচার করে, এ পরিকল্পনা কার্যকর হলে মানুষ চিকিৎসা বেছে নেওয়ার স্বাধীনতা হারাবে। কংগ্রেসে মতবিরোধের কারণে ভোটাভুটির আগেই পরিকল্পনাটি বাতিল হয়ে যায়।
পরবর্তী সময়ে প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেন। তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যায় ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’, যা সাধারণভাবে ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত। ২০১০ সালে আইনটি পাস হয়।
ওবামাকেয়ারের মাধ্যমে মেডিকেইড কর্মসূচির পরিধি বাড়ানো হয়, বেসরকারি স্বাস্থ্যবিমার খরচ বহনে মানুষকে সহায়তা দেওয়া হয় এবং আগে থেকে কোনো রোগ থাকলে সেই অজুহাতে বিমা প্রতিষ্ঠানগুলোর কাউকে বিমার আওতার বাইরে রাখার সুযোগ বন্ধ করা হয়। তবে বেসরকারি বিমার পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিমা কেনার সুযোগ দেওয়ার একটি প্রস্তাব সিনেটে পাস হয়নি।
২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সিনেটর বার্নি স্যান্ডার্স ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচিকে তাঁর অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেন। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করা স্বতন্ত্র এই সিনেটর এমন একটি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থার প্রস্তাব দেন, যা কর্মস্থল থেকে পাওয়া বিমাসহ অধিকাংশ বেসরকারি স্বাস্থ্যবিমার বিকল্প হবে।
প্রগতিশীল রাজনীতিকদের মধ্যে এ প্রস্তাব জনপ্রিয়তা পেলেও বেসরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থা পুরোপুরি বদলে দেওয়া উচিত কি না এবং এর ব্যয় কে বহন করবে, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতবিভেদ রয়েছে। ২০২৫ সালে স্যান্ডার্স ও তাঁর সহযোগীরা এ বিষয়ে নতুন একটি বিল উত্থাপন করেন। তবে সেটি এখনো কংগ্রেসে পাস হয়নি।
স্বাস্থ্যসেবা খাতে মুনাফার প্রভাব
ভোক্তা অধিকারবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান পাবলিক সিটিজেনের স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ইগান কেম্প মনে করেন, যুক্তরাষ্ট্রে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ বারবার বাধার মুখে পড়ার অন্যতম কারণ হলো স্বাস্থ্যসেবা খাতের বিপুল অর্থনৈতিক প্রভাব।
আলজাজিরাকে কেম্প বলেন, এর পেছনে বড় কারণ মুনাফা। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের চিকিৎসাব্যবস্থা অনেকটা নিয়ন্ত্রণহীন বাজারের মতো হয়ে উঠেছে।
কেম্পের ভাষ্য অনুযায়ী, ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবার ব্যয় অন্যান্য দেশের কাছাকাছি ছিল। কিন্তু পরবর্তী সময়ে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ক্রমেই করপোরেট প্রতিষ্ঠাননির্ভর ও মুনাফাকেন্দ্রিক হয়ে ওঠে। অন্য অনেক দেশ সর্বজনীন স্বাস্থ্যসেবার দিকে এগোনোর সময় যেসব নিয়ন্ত্রণব্যবস্থা চালু করেছে, যুক্তরাষ্ট্রে সেগুলোর অভাব রয়েছে।
তিনি মনে করেন, ‘মেডিকেয়ার ফর অল’-এর মতো কর্মসূচি চালু হলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো কত টাকা নিতে পারবে, চিকিৎসাসেবা কতটা কমাতে পারবে এবং কত মুনাফা করতে পারবে—এসব বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এ ছাড়া স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারীদের ভূমিকা কমানো যাবে। কেম্পের মতে, এসব মধ্যস্থতাকারী চিকিৎসার ব্যয় বাড়ায় এবং মানুষের প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে।
সংশয় থাকলেও আশাবাদী কেউ কেউ
বিশ্লেষকদের মতে, সর্বজনীন স্বাস্থ্যসেবার মতো দীর্ঘদিনের বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে ট্রাম্পের আগ্রহ প্রকাশের পরও প্রত্যাশিত মাত্রায় বিরোধিতা দেখা যাচ্ছে না।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে কাজ করা রিপাবলিকান কৌশলবিদ অ্যাশলি ডেভিস আলজাজিরাকে বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। এ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দ্বিদলীয় সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি মনে করেন।
ডেভিস বলেন, দুই দলের নেতাদের বৈঠক হওয়াটা ইতিবাচক। তাঁর আশা, এবার রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একসঙ্গে কাজ করে কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন।
তবে এল-সায়েদের সঙ্গে বৈঠক থেকে ‘মেডিকেয়ার ফর অল’-এর মতো পূর্ণাঙ্গ কোনো বিল তৈরি হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, ওষুধের দাম কমানো, গ্রামীণ স্বাস্থ্যসেবায় অর্থায়ন বাড়ানো কিংবা শিশুদের জন্য মেডিকেয়ারের আওতা সম্প্রসারণের মতো বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা বেশি।
ডেভিসের মতে, ‘মেডিকেয়ার ফর অল’-এর মতো প্রস্তাব কংগ্রেসে পাস করাতে হলে রিপাবলিকানদের পাশাপাশি রক্ষণশীল রাজ্যগুলো থেকে নির্বাচিত নতুন ডেমোক্র্যাট সিনেটরদেরও সমর্থন প্রয়োজন হবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে এ ধরনের প্রস্তাব আকর্ষণীয় হলেও বাস্তবে তা কার্যকর করা অনেক বেশি কঠিন।
পাবলিক সিটিজেনের স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ কেম্পও মনে করেন, ট্রাম্পের কাছে এমন কোনো বিল পৌঁছানো সহজ হবে না। কারণ, স্বাস্থ্যসেবা ও বিমা প্রতিষ্ঠানগুলো থেকে আইনপ্রণেতারা বিপুল পরিমাণ রাজনৈতিক অনুদান পান। ফলে কংগ্রেসের সদস্যরা কতটা আগ্রহ নিয়ে বা কত দ্রুত এ ধরনের উদ্যোগ এগিয়ে নেবেন, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।
তবে কেম্প মনে করেন, ট্রাম্প অনেক সময় রিপাবলিকানদের প্রচলিত রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে সিদ্ধান্ত নেন। ২০২৮ সালের নির্বাচনে তাঁর আর প্রতিদ্বন্দ্বিতা করার কথা না থাকাও ডেমোক্র্যাটদের সঙ্গে স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে পারে।
কেম্পের মতে, হোয়াইট হাউসে ট্রাম্পের শেষ দুই বছরে বড় কোনো আইন পাস করানোর এটিই হতে পারে শেষ সুযোগ। তিনি বলেন, তাঁর জীবদ্দশায় অন্য কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট হলে এমন উদ্যোগের বিষয়ে খুব বেশি আশাবাদী হতেন না। তবে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি কীভাবে এগোয়, তা দেখার মতো হবে।
সূত্র: আল-জাজিরা
ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে উদ্বেগ
উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা অস্বীকার মানেই যুদ্ধ ঘোষণা: কিম
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান
ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ চান ট্রাম্পের দলছুট ভোটারদের অধিকাংশ