ইরান-লেবানন-পশ্চিম তীরে দেড় কোটি ডলার অনুদান দেবে জাপান

ইরান, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে ১ কোটি ৫০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাপানের এ সহায়তা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন–এর মাধ্যমে বিতরণ করা হবে।

এই অর্থ স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন সেবায় ব্যয় করা হবে বলে জানিয়েছে টোকিও।

এ ছাড়া লেবাননে বেসরকারি সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রম জোরদারে জাপান প্ল্যাটফর্ম–এর মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ ৪০ হাজার ডলার সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে জাপান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চাহিদা পূরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করতেই এই অনুদান দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: আলজাজিরা