ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর বলেছেন, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া লাখো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে প্রতিরোধের অঙ্গীকার এবং তার হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় শপথ। তার ভাষ্য অনুযায়ী, এই বিপুল জনসমাগম কেবল একটি শোকানুষ্ঠানে অংশ নিতে আসেনি, বরং তারা নিজেদের অবস্থান, সংকল্প এবং প্রতিরোধের বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর খবরে বলা হয়, রোববার (৫ জুলাই) দেওয়া এক বার্তায় জোলকাদর বলেন, ‘আগামী দিনগুলোতে ইরানের দিকে নজর রাখুন। এটাই সেই ইরান, যাকে আপনারা ভেবেছিলেন মাত্র কয়েক দিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন।’
তিনি দাবি করেন, বাস্তবতা সেই ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে এবং ইরান এখনও আগের মতোই দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, নিজেদের নেতাকে শেষ বিদায় জানাতে এবং তাকে দাফন করতে আসা এই বিশাল জনসমুদ্র উচ্চকণ্ঠে দুটি স্লোগান দিচ্ছে, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ এবং ইরানের শহীদ নেতার রক্তের প্রতিশোধ।
জোলকাদরের মতে, এই দুই স্লোগানই আজকের শোকানুষ্ঠানের মূল বার্তা হিসেবে উঠে এসেছে এবং লাখো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে সেই অঙ্গীকার আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তার দাবি, এই বিপুল উপস্থিতি এবং উচ্চারিত স্লোগান ইরানের জনগণের মনোভাব, ঐক্য এবং দৃঢ় অবস্থানেরই বহিঃপ্রকাশ। সূত্র: আলজাজিরা