চার মাসের দীর্ঘ বিরতির পর আবারও বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে। কয়েক মাস ধরে বন্ধ থাকার পর বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ায় দেশটির দক্ষিণাঞ্চলের আকাশপথে যোগাযোগ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ফারস বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, শনিবার (৪ জুলাই) বিকেলে মাশহাদ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ সফলভাবে বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরটিতে আবারও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হয়।
হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে এই বিমানবন্দরটি দেশটির দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশ যোগাযোগ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানবন্দরটি দীর্ঘ সময় ধরে সংস্কার ও মেরামতের কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল। ক্ষয়ক্ষতি কাটিয়ে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন হওয়ার পর এখন ধাপে ধাপে বিমান চলাচল পুনরুদ্ধার করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে তেহরান, শিরাজ এবং ইয়াজদের সঙ্গে নিয়মিত ফ্লাইট পরিচালনাও পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধারের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ
'শেষ বিদায়ে ঐক্যবদ্ধ জাতিই খামেনির প্রতি আনুগত্যের সাক্ষ্য'
'বাব আল-মান্দাব প্রণালি ইরানের 'ব্যাকআপ অস্ত্র''