যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সামরিক উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ায় ওয়াশিংটন-তেহরানের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত ভেঙে পড়ার দায় শেষ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপর চাপানো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষক কাইহান ভালাদবায়গির মতে, সাম্প্রতিক সংঘাতের কারণে দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তি হিসেবে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। পাল্টাপাল্টি হামলা এবং রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, সমঝোতা ব্যর্থ হওয়ার ঘটনায় ইরানের ক্ষমতাসীন গোষ্ঠীর সমর্থকদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। এ অবস্থায় সরকারি বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ক্রমেই এমন ইঙ্গিত দিচ্ছে যে, এই ব্যর্থতার দায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ওপর চাপানোর চেষ্টা হতে পারে।
বিশ্লেষকের মতে, প্রেসিডেন্টকে দায়ী করার এই প্রবণতা কেবল জনরোষের মুখে একজন 'বলির পাঁঠা' খুঁজে বের করার কৌশলই নয়, বরং ক্ষমতাসীন অভ্যন্তরীণ নেতৃত্বের বিভাজন ও মতপার্থক্য আড়াল করারও একটি রাজনৈতিক প্রচেষ্টা হতে পারে।
তবে এ বিষয়ে ইরানের সরকার বা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা