জর্ডানে মোতায়েনরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (২৯ জুলাই) ভোরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এই আক্রমণ চালানো হয়। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টিকে একটি ‘আকস্মিক আক্রমণের চেষ্টা’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, সবকটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়েছে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরানি ভূখণ্ডে টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলে। ইরানও সমানে পাল্টা জবাব দিতে থাকলে সংঘাত চরম আকার ধারণ করে। তবে গত তিন-চার দিন ধরে ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন কোনো বিমান হামলা চালানো হয়নি। সাময়িক এই বিরতির মধ্যেই জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে নিশানা করে আইআরজিসির এই আকস্মিক হামলা চালানো হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে স্তব্ধ করে দিতে আইআরজিসি আকস্মিকভাবে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছাড়ে। ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিটি ক্ষেপণাস্ত্রই নিখুঁতভাবে প্রতিহত করা গেছে এবং মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে এই হামলা সম্পর্কে তেহরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
তবে বিগত বেশ কিছুদিন ধরেই ইরানের মূল নিশানায় রয়েছে জর্ডান। তেহরানের অভিযোগ, জর্ডানের ঘাঁটি ব্যবহার করেই তাদের ওপর মার্কিন হামলা পরিচালিত হচ্ছে।
এর আগে জর্ডানের সামরিক ঘাঁটিতে বেশ কয়েক দফায় হামলা চালিয়ে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস ও বড় ধরণের ক্ষতির দাবি করেছিল আইআরজিসি। সূত্র: আল-জাজিরা