ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হবে এবং যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি মেনে চলতে বাধ্য করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, সমঝোতা স্মারকটি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের যৌথ প্রজ্ঞার ফল এবং এ বিষয়ে কাউন্সিলের সব সদস্য একমত।
তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এই সমঝোতা আমাদের পররাষ্ট্র সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। শত্রুপক্ষকে তারা যে চুক্তিতে সই করেছে, সেটি মেনে চলতে বাধ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।'
পেজেশকিয়ানের দাবি, এ সমঝোতা কার্যকর হলে ইরান, পুরো অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। তবে ইরানের অভিযোগ, চুক্তি স্বাক্ষরের পরও যুক্তরাষ্ট্র একাধিকবার তা লঙ্ঘন করেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি