মার্কিন ভোক্তারাই জ্বালানি বাজার কারসাজির খেসারত দিচ্ছে: আরাঘচি

বিশ্বের জ্বালানি বাজারে কারসাজি করে দাম প্রভাবিত করার চেষ্টা শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের ওপরই বাড়তি চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, বাজারের গতিপ্রকৃতি প্রভাবিত করতে সমন্বিতভাবে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে, এমন তথ্য ইরানের কাছে রয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সরকারি কিছু উপাদান বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে জ্বালানি বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

আরাঘচি অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং মার্কিন প্রেসিডেন্টকে এমন একটি যুদ্ধে জড়িয়ে রাখতেই জ্বালানি বাজারকে প্রভাবিত করার এই তৎপরতা চালানো হচ্ছে, যে যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজয়ের দিকে এগোচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী যুদ্ধকে উৎসাহিত করতে অতিরঞ্জিত ও আশাবাদী মূল্যায়ন প্রচার করছে।

তবে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করেননি আরাঘচি। একই সঙ্গে তিনি বলেন, বাজার নিয়ে এমন কারসাজির প্রকৃত অর্থনৈতিক প্রভাব শেষ পর্যন্ত মার্কিন জনগণকেই বহন করতে হচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার মধ্যে আরাঘচির এই মন্তব্য সামনে এলো। তাঁর ভাষ্য, জ্বালানি বাজারকে রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থে প্রভাবিত করার যেকোনো প্রচেষ্টার শেষপর্যন্ত সরাসরি প্রভাব পড়ে সাধারণ ভোক্তাদের ওপর। সূত্র: মেহর নিউজ এজেন্সি