ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব স্বীকার পেজেশকিয়ানের

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:০৪ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে প্রভাব ফেলছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কয়েক দিন আগেই নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করার পর এবার তাঁর বক্তব্যে ভিন্ন সুর পাওয়া গেল।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, কেউ কেউ দাবি করেন নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। তাঁর ভাষায়, নিষেধাজ্ঞার প্রভাব অস্বীকারকারীদের কী বলবেন, তা তিনি জানেন না।

পেজেশকিয়ান বলেন, ইরান বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধকালীন বাস্তবতা মেনে নিতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে চলমান চাপ মোকাবিলায় জনগণকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করেছে। এর প্রভাব দেশটির বাণিজ্যেও পড়েছে। পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের আমদানি-রপ্তানি ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমেছে।

অর্থনৈতিক সংকটের মধ্যে ইরানের নেতৃত্ব যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় প্রতিরোধের ওপর জোর দিয়ে আসছে। তবে একই সময়ে দেশটির অর্থনীতিতে মূল্যস্ফীতি, বাণিজ্য সংকোচন ও জ্বালানি খাতে চাপ বাড়ছে।

পেজেশকিয়ানের সর্বশেষ বক্তব্যে সেই অর্থনৈতিক চাপের বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত