ইরানি জনগণের ঐক্য ও সংহতির কারণে শত্রুকে পরাজিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। রোববার (২০ সেপ্টেম্বর) এক স্থানীয় অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ও জনগণের ঐক্যের কারণে শত্রুপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
সাইয়ারি বলেন, ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধের সময়ও শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। একইভাবে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দুটি যুদ্ধেও তারা ব্যর্থ হয়েছে। তিনি এসব যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ ও ৪০ দিনের যুদ্ধ হিসেবে উল্লেখ করেন।
আট বছরের ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে সাইয়ারি বলেন, ইরাকের বাথ সরকারের চাপিয়ে দেওয়া ওই যুদ্ধে শত্রুপক্ষ ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, ইরানি জনগণের ঐক্যের কারণেই শত্রুপক্ষ পরাজিত হয়েছিল।
সাইয়ারি ইরানের জনগণ এবং বিশেষ করে যুদ্ধে জীবন ও শরীর উৎসর্গ করা শহীদ পরিবারের সদস্যদের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন যুদ্ধে ইরানি জনগণের ঐক্য ও সংহতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি দাবি করেন, দেশের শত্রুপক্ষ এখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ব্যর্থ ও অপমানিত হয়ে অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
ইরানের সেনাবাহিনীর দায়িত্বের বিষয়েও বক্তব্য দেন সাইয়ারি। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর দায়িত্ব মূলত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে গঠিত। এগুলো হলো দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষা এবং ইসলামি প্রজাতন্ত্রের ব্যবস্থা সংরক্ষণ করা। সূত্র: মেহর নিউজ এজেন্সি