যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক অবরোধের মুখে আঞ্চলিক তেল অবকাঠামো, ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের ওপর হামলার হুমকি এবং নিষেধাজ্ঞা এড়াতে তেহরান-সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলোর তৎপরতা নিয়ে সতর্ক করেছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে লিখিত সাক্ষ্যে এফবিআইয়ের উপপরিচালক ক্রিস্টোফার রাইয়া ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, সাইবার অভিযান এবং মার্কিন কর্মকর্তা ও ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর থেকে ইরান-সংশ্লিষ্ট পাল্টা গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তারের তথ্যও তুলে ধরেন তিনি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, ইরানি সাইবার অপারেটররা ক্রমবর্ধমানভাবে দেশটির পরিবহন, স্বাস্থ্যসেবা, পানি, জ্বালানি ও আর্থিক খাতকে লক্ষ্যবস্তু করছে।
জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনও ইরানের পক্ষ থেকে হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বিদেশে থাকা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইরানের আর্থিক নেটওয়ার্কে নিষেধাজ্ঞা
ইরানের আঞ্চলিক আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় লেবানন ও তুরস্কে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থা এবং সোনা ও নগদ অর্থ পাচারের একটি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ওই নেটওয়ার্কটি হিজবুল্লাহর পক্ষে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স থেকে লেবাননে অর্থ স্থানান্তর করত।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের অর্থায়ন কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকবে।
প্রতিশোধ ও হামলা সম্প্রসারণের হুমকি তেহরানের
অন্যদিকে, তেহরান থেকেও একের পর এক পাল্টা হুমকি এসেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং অন্য কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা।
ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থার প্রধান আহমাদরেজা পুরখানাঘি এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো চিহ্নিত করে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছেন।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও নতুন বক্তব্য এসেছে। বাসিজ বাহিনীর উপপ্রধান গাসেম ঘোরেইশি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
ইরানের সেনাপ্রধান আমির হাতামি সতর্ক করে বলেছেন, ‘প্রতিপক্ষের ভুলের’ জবাবে আরও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।
সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র হাসান ঘাশঘাভি আরও কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘আজ শত্রু জানে না, ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র কোন মহাদেশে গিয়ে আঘাত হানবে।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় দেওয়ার সম্ভাবনাও নাকচ করেন তিনি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সতর্ক করে জানায়, জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে ইরানি পণ্য গ্রহণকারী জাহাজগুলো মার্কিন নৌ অবরোধের আওতায় জব্দ বা অন্য আইন প্রয়োগমূলক পদক্ষেপের মুখে পড়তে পারে।
এদিকে, ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবাই আঞ্চলিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত পাইপলাইন ও জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর ব্যবস্থায় হামলার পক্ষে মত দেন তিনি।
তাঁর যুক্তি, ইরানের তেল রপ্তানি বন্ধ থাকলে অন্য দেশগুলোকেও তেল রপ্তানি করতে দেওয়া উচিত নয়। পাশাপাশি যেসব দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগ দেবে, সেসব দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকিও দেন তিনি।
বুধবারের ঘটনাপ্রবাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা ও আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করে পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে ইরান সম্ভাব্য নতুন সংঘাতের ভৌগোলিক বিস্তার এবং অর্থনৈতিক পরিণতি বাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছে।