বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (২২ নভেম্বর) তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে এ যৌথ অভিযান চালিয়েছে। ইরানের আকাশসীমায় বারবার অনুপ্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘ইয়া উম্মুল বানিন’ সাংকেতিক নামে পরিচালিত অভিযানে ওই দুটি ঘাঁটিতে মোতায়েন মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে আরও দাবি করা হয়, রোববার দিনের শুরু থেকে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যয়বহুল আকাশপথে পাহারা ও বিমান সুরক্ষা অভিযান প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং সমুদ্র ও আকাশপথে যেসব সরঞ্জাম ও নৌযানকে সুরক্ষা দেওয়া হচ্ছিল, সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসির দাবি, এসব সামরিক তৎপরতার সময় যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও আক্রমণ সক্ষমতাসম্পন্ন ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। এর জবাবেই বাহরাইনের দুটি ঘাঁটিতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।
বিবৃতিতে ইরানের আকাশসীমাকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়, যেকোনো দেশ বা আগ্রাসী বাহিনী ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে ইরানি বাহিনী কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে।