মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর পর গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র পরিচালক সাঈদ রুস্তায়ি। তাঁর দাবি, দুর্ঘটনার পর তাঁকে মারধর করা হয়েছে এবং গাড়ি থেকে জিনিসপত্র চুরি করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁর গ্রেপ্তারের খবর প্রকাশিত হওয়ার পর রুস্তায়ি এ বিষয়ে নিজের বক্তব্য দেন। তিনি জানান, দুর্ঘটনার সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন; মদ্যপ ছিলেন না।
ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সসহ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তেহরানের সানাই সড়কে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটান রুস্তায়ি। পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
তবে ইরানের সংবাদ সংস্থা ইসনাকে রুস্তায়ি বলেন, পেছন থেকে অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিল। এরপর ওই গাড়ির চালক তাঁকে মারধর করেন এবং অন্য একজন তাঁর গাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যান।
রুস্তায়ি জানান, চোরকে ধাওয়া করার চেষ্টা করলে অন্য গাড়িটি তাঁর পথ আটকে দেয়। এ সময় আবারও সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছেন এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যও প্রত্যাখ্যান করেন তিনি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন বলেও জানান।
শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের খবর নাকচ করে রুস্তায়ি বলেন, ‘আমি মদ্যপ ছিলাম না। আমি এখন মুক্ত এবং বাড়িতে আছি।’
তবে তাঁকে আটক করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।
এদিকে আইআরজিসি ও বাসিজ মিলিশিয়াসংশ্লিষ্ট গণমাধ্যমগুলো রুস্তায়ির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর আগের সমালোচনামূলক বক্তব্যও প্রচার করেছে।
রুস্তায়ির আলোচিত চলচ্চিত্র লেইলাস ব্রাদার্স ইরানে নিষিদ্ধ করা হয়েছিল। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি আন্তর্জাতিক সমালোচক পুরস্কার জেতে। কান উৎসবে ছবিটি প্রদর্শনের ঘটনায় ২০২৩ সালে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তাঁর পরবর্তী চলচ্চিত্র ওম্যান অ্যান্ড চাইল্ড ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে পাম দ’র পুরস্কারের জন্য লড়েছিল। ওই উৎসবে আরেক ইরানি নির্মাতা জাফর পানাহি তাঁর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট চলচ্চিত্রের জন্য পাম দ’র জয় করেন।